চোট কাটিয়ে পেশাদার ক্রিকেটে আগেই ফিরেছেন ঋষভ পন্ত। জাতীয় দলে ফিরতে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিতে হতো। সেই পরীক্ষায়ও উৎরে গেলেন তিনি। এই কিপার-ব্যাটসম্যানকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল সাজিয়েছে ভারত।দুই ম্যাচের টেস্ট সিরিজটির জন্য বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন আছে আরও একটি। ফিরেছেন পেসার আকাশদীপ।
গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ড সফরে চতুর্থ টেস্টে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে পায়ে গুরুতর চোট পান পন্ত। ইংলিশদের বিপক্ষে পঞ্চম টেস্টে খেলতে পারেননি তিনি। ছিলেন না ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও।চোট কাটিয়ে গত ৩০ অক্টোবর মাঠে ফেরেন পন্ত। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচে দুই ইনিংসে ১৭ ও ৯০ রান করেন তিনি।ইংল্যান্ড সফর থেকে ফিরে পিঠের সমস্যায় পড়েন আকাশ। যে কারণে দুলিপ ট্রফিতে খেলতে পারেননি তিনি। সেরে উঠে রাঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এই বোলার।ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা ও কিপার-ব্যাটসম্যান নারায়ণ জাগদেশান।
টেস্ট অধিনায়ক শুভমান গিল, অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহ, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং দুই স্পিনিং অলরাউন্ডার অক্ষসার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর এখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। পাঁচ ম্যাচের সিরিজটি শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এরই মধ্যে কুলদীপ যাদবকে টি-টোয়েন্টি দল থেকে ছেড়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের ম্যাচে অংশ নিতে পারবেন বাঁহাতি রিস্ট স্পিনার।কলকাতায় আগামী ১৪ নভেম্বর শুরু প্রথম টেস্ট। পরেরটি গুয়াহাটিতে, শুরু ২২ নভেম্বর।
∆ একনজরে ভারতের টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), ঋশভ পন্ত (সহ-অধিনায়ক ও কিপার), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল,রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ।





