যুবভারতীতে হকি স্টেডিয়াম উদ্বোধন মমতার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে ভারচুয়ালি ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা। এই স্টেডিয়াম আগামী দিনে হয়ে উঠতে চলেছে বাংলার হকি ক্রীড়া পরিকাঠামোর প্রাণকেন্দ্র।
কলকাতার বুকে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম ছিল না। ছিল না ভালো মানের অ্যাস্ট্রোটার্ফও। একসময় যে কলকাতা দেশের হকি খেলার অন্যতম কেন্দ্র ছিল, সেখানেই এই দুর্দশা! দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল শহরের ক্রীড়াপ্রেমীদের। ২০২১ সালে সেই আক্ষেপ ঘোচানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। সে বছরই ঘোষণা করা হয়, যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেট সংলগ্ন মাঠে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম তৈরি হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের মডেলকে অনুসরণ করে এই স্টেডিয়াম তৈরি হবে।





