এই মুহূর্তে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা।তাদের বিরুদ্ধে ১৪ নভেম্বর ইডেনে প্রথম টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই টেস্টের জন্য বেশ কিছু বিশেষ আয়োজন করা হচ্ছে ভারতীয় বোর্ড এবং সিএবির তরফে। যার অন্যতম অঙ্গ হিসেবে দুই দেশের দুই মহান ব্যক্তিত্ব মোহনদাস করমচাঁদ গাঁধী ও নেলসন ম্যান্ডেলাকে অভিনব উপায়ে সম্মান দেওয়া হচ্ছে। তাঁদের শ্রদ্ধা জানানোর জন্যই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের নামকরণ হয়েছে ফ্রিডম ট্রফি।
যে ট্রফির প্রতিকৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডেন টেস্ট ম্যাচ দেখতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির তরফে। পাশাপাশি জানা যাচ্ছে গাঁধী -ম্যান্ডেলার ছবি খোদাই করা কয়েনেই হবে ইডেন টেস্টের টস।১৪ নভেম্বর ইডেনে দুই দলের দুই অধিনায়ক – শুভমন গিল ও তেম্বা বাভুমার হাতে থাকবে এই বিশেষ সোনার মুদ্রা। উল্লেখ্য এই ম্যাচ দিয়েই ৬ বছর পরে ইডেনে ফিরছে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালের গোলাপি টেস্টের পরে থেকে আর টেস্ট ম্যাচ হয়নি কলকাতায়।





