বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মোহিবুল হাসান চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা ঢাকার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু প্রভাবশালী পরিবার ও এনজিও—বিশেষত ইউএসএইড এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট—২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে সরাসরি ভূমিকা রেখেছিল।
রাশিয়া টুডে -এর এক সাক্ষাৎকারে চৌধুরী বলেন, এসব সংগঠন ও ব্যক্তিরা “অর্থের গোলকধাঁধা” তৈরি করে বাংলাদেশের ভেতরে সরকারবিরোধী আন্দোলনকে অর্থায়ন করেছিল। তাঁর ভাষায়, এই তহবিলের মাধ্যমে আন্দোলনকারীদের, এমনকি জঙ্গি ও উগ্রপন্থীদের, হিজড়েদেরও টাকা দেওয়া হয়েছিল, যাতে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়।
চৌধুরীর মতে, ২০১৮ সাল থেকেই যুক্তরাষ্ট্রের কিছু সংগঠন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। এটা ছিল এক পরিকল্পিত বিশৃঙ্খলা। সেই অর্থ দিয়ে কর্মী, শিল্পী, এমনকি হিজড়ে সম্প্রদায়কেও ব্যবহার করা হয়েছিল। এক সময় এই বিশৃঙ্খলাকে হিংসাত্মক দাঙ্গায় পরিণত করা হয়, তিনি বলেন।





