একটা ,দুটো বছর নয় দেখতে দেখতে কেটে গিয়েছে ছয়-ছয়টা বছর। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে কত জল। ২০১৯ সালে শেষবার প্রায় ছ’বছর আগে টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছিল ইডেন গার্ডেন।আবার ছয় বছর পরে সেই ইডেন গার্ডেনেই ফিরেছে টেস্ট ম্যাচ।ফলে এর স্বাদটাই যেন আরো বেশি বেড়ে গিয়েছে। কলকাতা শহরে এখন শীতের আমেজ। তাঁর উপর গঙ্গার হিমেল হাওয়া। হাল্কা রোদকে সঙ্গী করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত।
২০১৯ সালে যখন গোলাপি টেস্টের আয়োজন করেছিল ইডেন গার্ডেন তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ২০২৫ সালে যখন ইডেনে ফের টেস্ট হচ্ছে তখন তিনি সিএবি সভাপতির দায়িত্বে। ফলে ইডেন থেকে তিনি যে দূরে থাকতে পারবেন না তাই জানাই ছিল।তবে এই টেস্টে স্মরণীয় হয়ে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের ইডেনে উপস্থিতি। স্ত্রীকে পাশে বসিয়েই ইডেন গার্ডেনের ক্লাব হাঊঊ লোয়ার টিয়ারে বসে লাল বলের ক্রিকেট তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন বাংলার আদরের মহারাজ দা।





