বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে আজ থেকেই শুরু তৃণমূলের শ্রমিক সমাবেশ। তৃণমূলের শ্রমিক সেল সূত্রে জানা যাচ্ছে, আগামী জানুয়ারিতে কলকাতার শহীদ মিনারে হবে এই অভিযানের চূড়ান্ত পর্ব মেগা সমাবেশে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শাসকদলের লক্ষ্য, শ্রমনির্ভর সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং অসংগঠিত শ্রমিকদের সমর্থন আরও মজবুত করা।তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি, রাজ্যে প্রায় আড়াই কোটি অসংগঠিত শ্রমিক ভোটার রয়েছেন। নির্মাণ, চা, মৎস্য, কৃষি ও বিদ্যুৎ শিল্পে যুক্ত এই বিশাল শ্রমিকবৃন্দকেই এবার সংগঠিত করতে চাইছে দল। পর্যায়ক্রমে কাঁথি, জলপাইগুড়ি, ফারাক্কা, শ্রীরামপুরসহ একাধিক শ্রমঘন জেলায় অনুষ্ঠিত হবে সভা। দলের এক শ্রমিক নেতার কথায়,রাজ্যের শ্রমিকরাই তৃণমূলের শক্তি। কেন্দ্র শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও প্রকল্পে ক্রমাগত বাধা দিচ্ছে। সত্যিটা মানুষের সামনে আনতে এই উদ্যোগ।
রাজনৈতিক মহলে মত, সরাসরি শ্রমিক সংযোগের এই কর্মসূচি নির্বাচনী হিসেবেই বড় পদক্ষেপ। বিজেপির শ্রমিক সংগঠনের সমান্তরাল কার্যক্রমে মাঠ দখলের উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে তৃণমূলের এই প্রচার । রাজ্য সরকারের শ্রমিকমুখী প্রকল্প ও কেন্দ্রের ‘অসহযোগ’-এর বার্তাকে সামনে রেখে শ্রমিক সমাবেশের মাধ্যমে সমাজের তলানিতে পৌঁছতে চাইছে দল। তৃণমূলের মতে, এই প্রচেষ্টাই আগামী ভোটযুদ্ধের অন্যতম ভিত্তি তৈরি করতে পারে। ফাইল ফটো।





