অবশেষে নেপালে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করল সেই দেশের নির্বাচন কমিশন। রবিবার জানানো হয়েছে, আগামী ৫ মার্চ ভোটগ্রহণ হবে গোটা দেশে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটদান। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে জানুয়ারিতে।
মনোনয়ন জমার শেষ তারিখ ২০ জানুয়ারি। ওই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থীরা কাগজ জমা দিতে পারবেন। সেদিনই বিকেলে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। অভিযোগ জানাতে হবে পরের দিন, অর্থাৎ ২১ জানুয়ারির মধ্যেই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ জানুয়ারি। ওই দিনই প্রকাশ পাবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নেপালের সংসদে মোট ২৭৫টি আসন। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোট হবে।
বাকি ১১০ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যে দল যত বেশি ভোট পাবে, তাদের অনুপাতে নির্ধারিত হবে আসন সংখ্যা। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে জেন জ়ি আন্দোলনের জেরে কেপি ওলি শর্মার সরকারের পতন হয়। এরপরই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে হয়। দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ছ’মাসের মধ্যেই নির্বাচিত সরকার গঠনের পথ খুলবেন। তাঁর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে মার্চে।





