পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে কর্মী-আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে আটক হওয়া যুবকের নাম সমীরন দাস বৈরাগ্য। বাড়ি মঙ্গলকোট থানার চাঁদরা গ্রামে।
ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তমালতরু মিশ্রের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে হেফাজতে নেয়। মঙ্গলবার দুপুর নাগাদ সমীরন দাস বৈরাগ্য ভাতার বিএলএলআরও অফিসে গিয়ে নিজেকে একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং আধিকারিকের সঙ্গে কথা বলতে চান। সেই সময় অফিসেই উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তমালতরু মিশ্র।
তিনি জানান, ‘ওনার কথাবার্তা শুনেই আমার সন্দেহ হয়। পরে চেপে ধরতেই স্বীকার করে যে বালি সিণ্ডিকেটের সঙ্গে সে যুক্ত। বেআইনিভাবে চলা বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোয় সাংবাদিক পরিচয় দিয়ে এসে তাকে হুমকি দিতে চেয়েছিল। তখনই তিনি পুলিশকে জানান।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করেছে। বর্তমানে তাকে আরও জেরা করা হচ্ছে।





