কেউ তিন-চার পুরুষ, কেউ বা আরও বেশি দিন ধরে এই দেশে বসবাস করছেন। ৮০, ১০০ বা তার থেকে বেশি বছরের পুরোনো জমির দলিল রয়েছে কারও কারও কাছে। কিন্তু তারপরেও এসআইআর-এ ভোটাধিকার হারানোর আশঙ্কা করছেন জয়নগর ২ নম্বর ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক, ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দা।
অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই। কিন্তু তার আগের তালিকায় নাম রয়েছে তাঁদের। পরের তালিকাতেও নাম আছে। ২০০২ তালিকায় নাম না থাকার পাশাপাশি প্রয়োজনীয় ১১টি নথি এর কোনওটি নেই তাঁদের। সেই কারণেই আতঙ্ক গ্রাস করেছে এই সব মানুষদের। সমাধানের আশায় প্রায় রোজই সকাল থেকে কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে হত্যে দিয়ে পড়ে রয়েছেন তারা। চোখের জল বাধ মানছে না অনেকেরই। অনেকেই জানান, তাদের ১৯৯৫ সালে তৈরি ভোটার কার্ড রয়েছে।
২০২৪ সালের শেষ লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছেন। এমনকী তাদের ভাই বা অন্য আত্মীয়দের নাম রয়েছে ২০০২ এর তালিকায়। তারপরেও তাদের ভোটাধিকার কীভাবে চলে যাবে, সেই প্রশ্ন তুলছেন তারা। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে, এক জন যোগ্য মানুষের ভোটাধিকার তারা চলে যেতে দেবেন না। প্রয়োজনে এই সব মানুষ জনকে নিয়ে প্রশাসনের দরবারে বিক্ষোভ কর্মসূচি চালাবে।





