প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই স্পর্শ করলেন ২৫, কিন্তু ৫০ ছুঁতে পারলেন না একজনও। শক্ত অবস্থানে থেকে খেই হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই সেশনের কঠিন সময় পেরিয়ে শেষ সেশনে চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল ভারত।গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা আগেভাগে শেষ হওয়ার সময় ৮১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান।কলকাতায় প্রথম টেস্টে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ভারত হেরেছিল তিন দিনে। গুয়াহাটিতে উইকেট বেশ ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য খুব একটা সহায়তা প্রথম দিনে মেলেনি। ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার এদিন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব।





