এবার বিতর্কের আঁচ আরও বাড়িয়ে সীমান্ত খুলে দেওয়ার কথা শোনা গেল তাঁর গলায়। খোলাখুলিই এ বিষয়ে নিজের মত তুলে ধরলেন দিলীপ। বললেন, এসআইআর আবহে যাঁরা বাংলাদেশে চলে যেতে চাইছে, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক!
শুক্রবার স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে যোগ দিয়ে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেছিলেন, “দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ পয়সার জন্য করে এসব করে (অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়)।” অনুপ্রবেশ ঠেকাতে তৃণমূলের সুরে বিএসএফের ‘ব্যর্থতা’র কথা বলার পর ওইদিন রাতেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক সভায় যান তিনি। সেখানে বাংলাদেশে ফিরতে সীমান্ত এলাকায় ভিড় হওয়া নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন।
তার জবাবে দিলীপ বলেন, “যদি কেউ বাংলাদেশ চলে যেতে চায়, আমার বক্তব্য, বর্ডার খুলে দেওয়া উচিত। ১৯৪৭-৪৮ সালে এদেশে আসার জন্য বাংলাদেশ বর্ডার খুলে দিয়েছিল। আজ শোধবোধ হয়ে যাক। এখান থেকে যারা বাংলাদেশ যেতে চাইছে, ছেড়ে দিক তাদের। লোক হালকা হোক। সঙ্গে মাফিয়া, গুন্ডা, চোর-ডাকাতরাও ওই দেশে চলে যাক।” বর্ডার ‘খোলা’ নিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে বড়সড় বিতর্কের জন্ম দিল, তা বলাই বাহুল্য।





