রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের তহবিল ইতিমধ্যেই বুথ থেকে বুথ পর্যন্ত পৌঁছে গিয়েছে।
প্রতিটি বুথে এক লক্ষ টাকা বরাদ্দ দিয়ে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথে তহবিল পেয়ে কাজ শুরু হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা ইতিবাচক ফল পাচ্ছেন।মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ছএভোগ ও পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর এই দুই সংসদ এলাকায় মোট ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের শুভসূচনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও দলের নেতৃত্বে প্রতিটি বুথে পৌঁছে পৌঁছে উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।
রাস্তা, আলো, পানীয় জল, নিকাশি ব্যবস্থাসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে সরাসরি অর্থ বরাদ্দের ফলে বহু দিনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ মনে করে এই প্রকল্প গ্রামীণ অঞ্চলে স্থায়ী উন্নয়নের নতুন পথ খুলে দেবে।মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করে উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাওয়ার এই উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুরসহ বিস্তীর্ণ এলাকা নতুন আশায় ভরে উঠেছে। স্থানীয়রা এই প্রকল্পের মাধ্যমে তাদের পাড়ায় উন্নয়ন ও সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন।





