উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে পরপর কয়েকদিন ধরে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক দেখা গিয়েছিল। সকাল আটটার আগেই লাইন পড়ে যেত। কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে গেল। আজ সকাল থেকে চেকপোস্টে প্রায় কোনও বাংলাদেশির দেখা মিলছে না। কোথায় গেল সেই তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীরা—এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। বিরোধীরা যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীর কথা বলে আসছিল, তাদের হঠাৎ অন্তর্ধানে জল্পনা আরও বাড়ছে।
আজ মাত্র গুটিকয়েক বাংলাদেশিকে দেখা গিয়েছে দেশে ফেরার জন্য হাজির হতে। কেউ বলছেন, পরিবার-পরিজন নিয়ে রাতের অন্ধকারে নদী সাঁতরে ভারতে ঢুকেছিলেন। আবার কেউ দাবি করছেন, ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে মাথাপিছু ২৫০০ থেকে ৫০০০ টাকা দিয়ে দালালের মাধ্যমে দেশে ঢুকেছিলেন। এখন সেই সব অভিজ্ঞতা বুকে নিয়ে তাঁরা ফিরছেন নিজের দেশে।
তবে আগের দিনের তুলনায় আজ হাকিমপুর সীমান্তে ভিড় অনেকটাই কম। স্বরূপনগরের বাসিন্দারা ও স্থানীয় প্রশাসনও পরিস্থিতির এই হঠাৎ বদলকে রহস্যজনক বলে মনে করছেন। সীমান্তে নজরদারি বাড়ানো হলেও, কোথায় গেল বাকি অনুপ্রবেশকারীরা—তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা।





