এসআইআরের মাঝেই ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা। সোমবার দু’পাতার একটি চিঠি লিখেছেন তিনি। দু’টি গুরুতর বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি এসআইআরের কাজে বেসরকারি বা ঠিকাকর্মী নিয়োগ নিয়ে। আর দ্বিতীয়টি বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র করা নিয়ে নির্বাচন কমিশনের মতামত চাওয়া প্রসঙ্গে। তাঁর প্রশ্ন, এসব কার নির্দেশে করা হচ্ছে? এতে ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যাবে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে এসআইআরের কাজে বেসরকারি বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে DEO-দের নির্দেশিকার কথা উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, DEO-দের বলা হয়েছে যাতে ডাটা এন্ট্রির কাজে কোনও ঠিকা কর্মীকে কাজে লাগানো না হয়। সেক্ষেত্রে কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে, কাজে ভুলের আশঙ্কাও থাকবে। অথচ কমিশন নিজে টেন্ডার ডেকে ১০০০ কর্মীকে একবছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়েছে, তাঁদের দক্ষতা কি প্রশ্নাতীত? এহেন দ্বিচারিতা কেন? এই বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গোচরে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।





