শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ নিয়ে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে তিনি ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জানালেন, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পরিবর্তনের নেতৃত্ব দিতে ভারত প্রস্তুত। এই বৈঠকের আয়োজন করেছিল অর্গানাইজেশন অফ ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এবং স্লোভাকিয়া সরকার।
২৪ নভেম্বর শুরু হওয়া এই আলোচনা চলবে মঙ্গলবার পর্যন্ত। ৩৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন ‘দিল্লির দূত’ খ্যাত সুকান্ত মজুমদার। সভার মূল আলোচ্য বিষয় ছিল শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও তার প্রভাব। বৈঠকে বক্তৃতার সময় সুকান্ত চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বহুভাষিক ও সহজলভ্য শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সরঞ্জাম, উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। তাঁর দাবি, ভারতের শিক্ষা নীতি ইতিমধ্যেই এই সমস্ত দিক সামগ্রিকভাবে রূপায়ণের পথে।
বৈঠকের পর সুকান্ত এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ব্রাতিস্লাভার আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে পেরে তিনি সম্মানিত। সেই সঙ্গে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ভারতের অবস্থান বিশ্বমঞ্চের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ভারতের পক্ষ থেকে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী শিক্ষায় এআই অন্তর্ভুক্তিকে সফল করতে ভারত সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত। ভারতের অভিজ্ঞতা ও উদ্যোগ অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে তারা আগ্রহী, যাতে প্রযুক্তি শিক্ষাকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষতাভিত্তিক করতে পারে।





