নির্বাচন কমিশনের মুখ্য কর্মকর্তা জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে ।শুক্রবার কেন্দ্রীয় দফতরে তৃণমূলের তোপের সঙ্গে সঙ্গে কলকাতায় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কড়া মন্তব্য উঠল। তিনি সরাসরি বললেন, যারা বুথস্তরীয় আধিকারিক বা বিএলওর কাজ করছেন, তারা তৃণমূলের চাপে ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতির পুরো দায় নিতে হবে কমিশনার জ্ঞানেশ কুমারকে। পশ্চিমবঙ্গে এখন ভীতির পরিবেশে চলছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআরে। শমীকের অভিযোগ, বিজেপির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন।
বিএলওদের পঞ্চায়েত বা দলীয় দফতরে নিয়ে গিয়ে, ক্লাবে বসিয়ে ভুল তথ্য আপলোড করতে বাধ্য করা হচ্ছে। ভুল তথ্য আপলোড করলে এসব সরকারি কর্মী বা শিক্ষকরা বিপদে পড়বেন। চাকরি হারানো থেকে এক বছরের জেল পর্যন্ত হতে পারে। শঙ্কা প্রকাশ করেন শমীক। শমীক দাবি করেছেন, জ্ঞানেশ কুমার যার দায়িত্ব, তিনি সরাসরি আসুন। শুধুমাত্র প্রতিনিধি পাঠিয়ে দিলে চলবে না । শুধু দিল্লিতে বসে স্মারকলিপি নেওয়া আর দূর তত্ত্বাবধান করলেই চলবে না । আগামী সপ্তাহে পুনরায় বিজেপির প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবারে গিয়েও এই সমস্যাগুলো জানাবে।





