আগামী মাসে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে। পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন। তবে সেই সূচি এখনও চূড়ান্ত নয়। জেলা নেতৃত্বের মতে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এনিয়ে কী বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আমজনতা সকলেরই।
মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, ”আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে। তার জন্য আগামিকাল (১ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। আগামী ২ তারিখ বিকেল পাঁচটায় রবীন্দ্রভবনে জেলার প্রস্তুতি সভা। উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, সমস্ত জেলা কমিটি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান, শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি। থাকবেন পৌরসভার পৌরপতি ও উপ পৌরপতি, সমস্ত কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি।এর আগে মুখ্যমন্ত্রী এখানে এলেও মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছেন। সভার সময় হয়নি। তাই ৯ তারিখের সভা ঐতিহাসিক হতে চলেছে।





