নভেম্বরে শেষেও সেইভাবে দেখা মিলল না শীতের। ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও, দিনে বেড়ে যায় তাপমাত্রা। তবে ডিসেম্বরেও কি জাঁকিয়ে শীত পড়বে না? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল বঙ্গবাসীর মনে। অবশেষে এবার হাওয়া অফিস জানাল, ডিসেম্বরের শুরুতেই কমবে তাপমাত্রা। ফলে রাজ্যে ফিরবে শীতের আমেজ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবি ও সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজায় থাকবে কুয়াশার দাপট। কমবে দৃশ্যমানতাও। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তারপরের তিনদিনে এক ধাক্কায় ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও শুষ্কই থাকবে আবহাওয়া। রবি ও সোমবার ভোর ও রাতের দিকে থাকবে কুয়াশা। বেলা বাড়বে কুয়াশা সরিয়ে আকাশ পরিষ্কার হবে। তবে আগামী দু’দিনে পারদ পতনের সম্ভাবনা নেই। বুধ, বৃহস্পতিবার থেকে ২-৩ ডিগ্রি নামবে তাপমাত্রা।





