ভয়ংকর ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে। এই দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তামিলনাড়ুতে।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, বর্তমানে ঝড়টি চেন্নাই ও পুদুচেরির মাঝামাঝি অংশে সমুদ্রের মাঝে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। রবিবার বিকেলে ঘূর্ণিঝড়টি কুড্ডালোর থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরিতে। দুর্যোগে দেওয়াল চাপা পড়ে তামিলনাড়ুর থুথুকুড়ি ও থানজাভুর এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া তড়িদাহত হয়ে ২০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে মায়িলাদুথুরাই এলাকায়। ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতি তৈরি করেছে নাগপট্টিনম জেলায়।





