মার্কো জানসেনের বলটিকে লং অনে ঠেলে দিয়েই উদযাপনে মাতলেন বিরাট কোহলি। তিন অংক স্পর্শ করেই শূন্যে লাফ দিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে। সঙ্গে বিরাট এক গর্জনও দিলেন তিনি।যেন বুঝিয়ে দিলেন যারা ওয়ানডে বিশ্বকাপে আমার সুযোগ দেখছেন না তারা আপাতত চুপ থাকুন।টানা দ্বিতীয় সেঞ্চুরি উপভোগ করুন। ওয়ানডে কেরিয়ারের ৫৩তম সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি ভারতীয় কিংবদন্তি। ১০২ রানের সময় লুঙ্গি এনগিডির বলে এইডেন মার্করামকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭ চার ও ২ ছক্কার ইনিংসের ‘মৃত্যু’ ঘটলে যাওয়ার সময় হতাশা প্রকাশ করলেন।
কিছু একটা বলে নিজের ওপর নিজেই বিরক্তি প্রকাশ করলেন।
হতাশা নিয়ে মাঠ ছাড়ার আগে শুধুই আনন্দ দিয়েছেন কোহলি। বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকানোর শটগুলো ছিল দৃষ্টিনন্দন। তা দেখে রায়পুরে খেলা দেখতে আসা দর্শকরা সারাক্ষণ কিং কোহলি বলেই চিৎকার করে গেলেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন আজ সেখান থেকেই যেন শুরু করেন কোহলি। কোনো পরিবর্তন নেই। প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের ইনিংসের বিপরীতে আজ ১০২ রানের ইনিংস খেলেছেন। সর্বশেষ টানা তিন ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস।
সব মিলিয়ে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৮৪টি। সবার ওপরে আছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তিন সংস্করণ মিলিয়েছে তিনি একমাত্র ব্যাটার যিনি সেঞ্চুরির সেঞ্চুরি হাকিয়েছেন।প্রাক্তন অধিনায়কের ১০০ সেঞ্চুরি ছুঁইতে কোহলির প্রয়োজন আরো ১৬টি। শুধু ওয়ানডে খেলায় সচিনের এই রেকর্ড স্পর্শ করা একটু কঠিনই।তবে সচিনের আরেকটি কীর্তি ইতিমধ্যে স্পর্শ করেছেন কোহলি। এতদিন ভিন্ন ভিন্ন ভেন্যুতে ৩৪ ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে ছিলেন সচিন। আজ রায়পুরে তিন অংক স্পর্শ করে কোহলিও ৩৪টি ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি হাঁকালেন। কোহলির আগে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন রিতুরাজ গায়কোয়াড়। অষ্টম ওয়ানডেতে এসে তিন অংকের দেখা পেলেন তিনি। ৮৩ বলে ১০৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়।





