একরত্তি মেয়ের বয়স মাত্র ১ বছর ৯ মাস। নাম বেদ পরেশ সরফারে। এইটুকু বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নিয়েছে সে। মহারাষ্ট্রের রত্নগিরির বাসিন্দা বেদ ১০০ মিটার সাঁতারে সবচেয়ে কম বয়সি সাঁতারু হয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অনুসারে, রত্নগিরির নাগম নিগম সুইমিং পুলে ১০ মিনিট ৮ সেকেন্ডে ১০০ মিটার রেস শেষ করেছে সে। খুদের সাঁতারের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে।
যা ইতিমধ্যেই ভাইরাল। কোচ মহেশ মিলকে এবং তাঁর স্ত্রী গৌরী বেদকে ১১ মাস ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন। কোচ মিলকে বলেন, “কঠোর পরিশ্রম করেছে ও। তাছাড়াও ধারাবাহিকভাবে প্রশিক্ষণও রয়েছে। ২১ মাস বয়সি সাঁতারু এখন দেশের ‘কনিষ্ঠ সাঁতারু’ হিসাবে নজির গড়েছেন। রত্নগিরির জন্য এটা গর্বের মাইলফলক।” তাছাড়াও তিনি বেদের বাবা-মাযকে সমর্থনের জন্য কৃতিত্ব জানিয়েছে।





