সপারিষদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় অধীর আগ্রহে বসে পাকিস্তানের প্রধামন্ত্রী শাহবাজ শরিফ। তবে ৪০ মিনিট পেরিয়ে গেলেও দেখা নেই তাঁর। এই ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট হলেন পাক প্রধানমন্ত্রী। সঙ্গীদের সামনে রীতিমতো চিৎকার করে উঠতে দেখা গেল তাঁকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, তুর্কমেনিস্তানে এক আন্তর্জাতিক ফোরামে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। এখানেই আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেন শাহবাজ। শুক্রবার ছিল সেই বৈঠকের সূচি। দেখা যায়, পুতিনের সঙ্গে দেখা করতে আগেভাগে এসে চেয়ারে বসে রয়েছেন শাহ। তাঁর সঙ্গে রয়েছেন পাক বিদেশমন্ত্রী ইশক দার-সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ মিনিট ধরে একটি ঘরে অপেক্ষা করার পরও সেখানে আসেননি পুতিন। তিনি তখন পাশে আর একটি ঘরে বৈঠক করছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে।





