উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লক–২-এর অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোহনপুর উপনিতা মহিলা স্বনির্ভর গোষ্ঠী সমিতির নির্বাচনে বড়সড় জয় পেল তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিজেপিকে ১৩–১ ভোটে পরাজিত করে পুনরায় তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠিত হয়েছে।
এলাকা সূত্রে জানা গিয়েছে, দলীয় ঐক্য ও সংগঠনের জোরেই এই সাফল্য এসেছে। মিনাখাঁ ব্লক–২ তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লার নির্দেশে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন ভূঁইয়ার নেতৃত্বে অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ব একযোগে কাজ করেন। উন্নয়নের পক্ষে মানুষের সমর্থন আদায় করতে বুথ স্তর পর্যন্ত সক্রিয় ভূমিকা নেয় তৃণমূল কর্মীরা।
আজ মিনাখাঁ বিডিও অফিসে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন ভূঁইয়া, কার্যকরী সভাপতি পরিতোষ মণ্ডল, সেক্টর সভাপতি উত্তম প্রধান, নেতৃত্বে অসীম দাস, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যসহ দলীয় নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই জয় প্রমাণ করে যে মানুষ এখনও তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক রাজনীতি ও নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রাখে। আগামী দিনেও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্বনির্ভরতা বৃদ্ধি ও এলাকার সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।





