রাজ্যে রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে ম্যারেজ রেজিস্ট্রির শংসাপত্র বাধ্যতামূলক নয়, বরং বিয়ের নিমন্ত্রণপত্র জমা দিলেই মিলবে সরকারি অনুদান। বৃহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশনে এই তথ্য স্পষ্ট করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের এই প্রকল্পে ২৫ হাজার টাকা দেয় রাজ্য সরকার। তবে বহু ক্ষেত্রেই রেজিস্ট্রির জটিলতায় আবেদনকারীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছিল।
সেই জট কাটাতে এবার সরাসরি বিয়ের কার্ড ব্যবহারের কথা জানালেন মেয়র। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত অধিবেশনে অভিযোগ করেন যে, সময়মতো রেজিস্ট্রি করতে না পারায় অনেক পাত্রীর পরিবার বরো অফিসে হেনস্থার মুখে পড়ছে। তার প্রেক্ষিতেই মেয়রের এই জবাব। তিনি জানান, রূপশ্রীর টাকা পেতে বিয়ের প্রস্তুতির প্রমাণ থাকাই যথেষ্ট।
ছাপানো কার্ড বা ম্যারেজ রেজিস্ট্রির আবেদনপত্র (নোটিফিকেশন) দিয়েই টাকা পাওয়ার দাবি জানানো সম্ভব । ২০১৮ সালে শুরু হওয়া এই জনকল্যাণমূলক প্রকল্পে আর্থিক অনটনের কারণে যেন কারও বিয়ে আটকে না থাকে, তা নিশ্চিত করতে চায় প্রশাসন। মেয়র আশ্বাস দিয়েছেন যে, এরপরও যদি কোনও পরিবার আবেদন জমা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, তবে পুরসভা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে।





