সার (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন) হিয়ারিংকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়। স্যার -এর নামে সাধারণ মানুষকে হয়রানি, হেনস্তা এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে ভাঙ্গড়ে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা ভাঙ্গড় ১ নম্বর ও ভাঙ্গড় ২ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন।
বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম ভোটারদের টার্গেট করা হচ্ছে। তাঁর দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ভাঙ্গড় ও ক্যানিং পূর্ব বিধানসভা মিলিয়ে প্রায় ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষের কাছে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
শওকত মোল্লা প্রশ্ন তোলেন, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও কেন মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাঁর অভিযোগ, ভাঙ্গড় ১ নম্বর বিডিও অফিসে হিয়ারিং লাইনে গর্ভবতী মহিলাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি নারায়ণপুর এলাকার একটি হিয়ারিং ক্যাম্পে পা ভাঙা অবস্থায় অ্যাম্বুলেন্সে করে এক মহিলাকে হাজির হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে শওকত মোল্লা কমিশনকে জল্লাদ বলে কটাক্ষ করেন। তিনি হুঁশিয়ারি দেন, এই পরিস্থিতির অবসান না হলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে।





