ব্রিটিশ ইতিহাসের ছায়া সরিয়ে অবশেষে বাঙালির গৌরবে রাঙানো হলো কলকাতা হাইকোর্টের পরিচয়। দীর্ঘ ১৬৪ বছর পর ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) ঠিকানাটি অতীত হয়ে গেল। দেশের প্রাচীনতম এই আদালতের নতুন নাম এখন ৩ নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী। বাড়ি একই থাকলেও ব্রিটিশ নাম মুছে দিয়ে এক কালজয়ী বাঙালি বিচারপতির নামেই এখন থেকে পরিচিত হবে এই ঐতিহাসিক চত্বর। বৃহস্পতিবার এই নাম বদলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। এই ভোলবদলের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই তিনি প্রত্যক্ষ করেন কিংবদন্তি আইনজ্ঞ রাধাবিনোদ পালের প্রতি জাপানিদের অকৃত্রিম শ্রদ্ধা। টোকিওতে তাঁর নামে সড়ক, জাদুঘর এমনকি মূর্তিও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সামরিক আদালতে রাধাবিনোদ পালের নির্ভীক বিচার আজও জাপানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। এই ‘জাপান-বন্ধু’ ভারতীয়র স্মৃতিকে নিজের শহরে সম্মান জানাতেই কলকাতায় ফিরে রাস্তার নাম বদলের প্রস্তাব দেন অভিষেক। পুরসভা সেই প্রস্তাবে সিলমোহর দেওয়ার পরই বদলে যায় ইতিহাস।
১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের ধারে পথচলা শুরু করেছিল দেশের প্রথম হাইকোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রাধাবিনোদ পালের আন্তর্জাতিক খ্যাতি থাকলেও নিজের শহরে তিনি কিছুটা প্রচারের আড়ালেই ছিলেন। এবার তাঁর নামেই চিহ্নিত হলো বিচারব্যবস্থার সর্বোচ্চ পীঠস্থান। বিদেশের মাটিতে যে বাঙালি আইনজ্ঞকে নিয়ে আজও চর্চা হয়, নিজের শহরে তাঁর এই প্রাপ্তি এক বড় মাইলফলক। ব্রিটিশ আমলের নাম সরিয়ে এই পরিবর্তন শহর কলকাতার বুকেও এক পজিটিভ বার্তা দিচ্ছে। এসপ্ল্যানেড এখন কেবল এক ভৌগোলিক অবস্থান নয়, বরং এক কালজয়ী বিচারপতির স্মারক।





