দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে শুরু হয়েছে ‘যুব সাথী’ ও কৃষি ফর্ম রেজিস্ট্রেশন কর্মসূচি। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ব্লক জুড়ে একাধিক শিবিরের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ ও তথ্য নথিভুক্ত করার কাজ চলছে। এই বিশেষ কর্মসূচি চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা এবং কৃষকদের প্রয়োজনীয় নথি হালনাগাদ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিবিরগুলিতে নির্দিষ্ট কাউন্টার খোলা হয়েছে, যেখানে কর্মীরা উপস্থিত থেকে আবেদনকারীদের ফর্ম পূরণ, কাগজপত্র যাচাই এবং তথ্য আপলোডের কাজে সহায়তা করছেন। ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া সহ-সভাপতি সাদ্দাম হোসেন লস্কর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ভিত্তিতেই এই কর্মসূচি রাজ্যজুড়ে শুরু হয়েছে। তাঁর বক্তব্য, “সরকারের লক্ষ্য একটাই— যেন কোনো যোগ্য ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন। যুবক ও কৃষকদের উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বহু মানুষ শিবিরে এসে নাম নথিভুক্ত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আরও বেশি সংখ্যক উপভোক্তা এই সুবিধা নেবেন বলে আশা করা হচ্ছে। কর্মসূচির দিনগুলিতে ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও কর্মী উপস্থিত থেকে তদারকি করছেন।





