উত্তর হাওড়ার পিলখানা এলাকায় গুলি-কাণ্ডে তরুণ প্রোমোটারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে গোলাবাড়ি থানা ঘেরাও ককর্মসূচির ডাক দেয় বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীদের হামলায় ওই তরুণ প্রোমোটারকে গুলিবিদ্ধ করে খুন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা হয়। এরই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি উত্তর হাওড়া বিধানসভার পক্ষ থেকে এদিন গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়।
এদিন উত্তর হাওড়ার উড়িয়াপাড়া মোড় পার্টি অফিসের সামনে জমায়েতের পর মিছিল করে বিজেপি নেতা কর্মীরা গোলাবাড়ি থানার সামনে আসার আগেই পুলিশের বিশাল ব্যারিকেডে মিছিল আটকে যায়। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশি বাধায় দু’পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিজেপি কর্মীরা সেখানেই বিক্ষোভ দেখান৷ স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সম্পাদক উমেশ রাই, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি’র কনভেনার সুরেন্দ্র জৈন সহ অন্যান্য নেতৃবৃন্দ।





