যাদবপুর থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সরব হল বিজেপির মহিলা মোর্চা। অভিযুক্ত প্রাক্তন ওসির কঠোর শাস্তির দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা এবং দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার যৌথ উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার সভানেত্রী দিতয়া কাউর এবং যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা দেব।
তাঁদের নেতৃত্বে বহু মহিলা কর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে এবং সেই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত প্রাক্তন ওসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জরুরি।
বিক্ষোভ মঞ্চ থেকে নেত্রীরা বলেন, কর্মরত অবস্থায় একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। তারা দাবি করেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন এবং দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রশাসনের উচিত এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, যাতে ভবিষ্যতে কোনও মহিলা কর্মী বা কর্মচারী এ ধরনের পরিস্থিতির মুখোমুখি না হন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিক্ষোভকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।





