২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে চলছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। আর সেই কর্মসূচি ঘিরেই এবার মেমারিতে তৈরি হলো চরম উত্তেজনা। বিজেপির পরিবর্তন যাত্রা মেমারিতে পৌঁছাতেই একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা থাকে। যাকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং নেত্রী স্মৃতিকণা।
হুডখোলা জিপে চড়ে যখন তাঁরা কর্মী-সমর্থকদের অভিবাদন গ্রহণ করছিলেন, ঠিক তখনই রাস্তার ধার থেকে একদল মানুষ আচমকা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। বিজেপি নেতৃত্বকে হাতের নাগালে পেয়েই বিরোধী শিবিরের এই স্লোগান ঘিরে মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরিবর্তন রথ মেমারি হয়ে আজাপুর দিয়ে জামালপুর গিয়ে পৌঁছায়। সেখানে সভায় যোগ দেওয়ার পর জামালপুর থেকে রায়নার উদ্দেশ্যে রথ পাড়ি দেয়।





