দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সোমবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই সভার মাধ্যমে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করে আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা জুড়ে পরিবর্তনের ডাক দিলেন। এদিন সকাল ১১টা নাগাদ বকখালি থেকে বিজেপির এই পরিবর্তন রথযাত্রার শুভ সূচনা করেন বিপ্লব দেব। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায় এবং জেলাস্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
বকখালি থেকে শুরু হওয়া এই যাত্রায় কয়েকশ বিজেপি কর্মী-সমর্থক বাইক মিছিল করে অংশ নেন। সুসজ্জিত রথটি বিকেলের দিকে পাথরপ্রতিমা কলেজ ময়দানে পৌঁছালে সেখানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁর বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ‘দুর্নীতি’। তিনি বলেন, ‘বাংলাকে দুর্নীতিমুক্ত করতে এবং প্রকৃত উন্নয়ন আনতে হলে পরিবর্তনের কোনো বিকল্প নেই। আগামী ২৬-এর নির্বাচনেই বাংলার মানুষ এই অপশাসনের জবাব দেবে’।
এদিনের মঞ্চে বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়, মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি নবেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক বিপ্লব নায়েক সহ একাধিক জেলা নেতৃত্ব। পাথরপ্রতিমা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধারণ মানুষ ও দলীয় কর্মী এই সভায় যোগদান করেন। এদিকে, জনসভাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সভাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সভাটি সম্পন্ন হয়।





