বিপুল সংখ্যায় সোনার বিস্কুট উদ্ধার হল। বাজেয়াপ্ত হওয়া ওই সোনার বাজারদর ৩ কোটি টাকার বেশি। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
বিএসএফের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সম্ভাবনার কথা। সেই মতো ঘোজাডাঙা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল।
গতকাল, রবিবার সন্ধ্যার পর একটি ট্রাক ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। ট্রাকটিকে দেখে সন্দেহ হয় চেকপোস্টে। গাড়িতে চালক-সহ আরেকজন ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দু’জনের কথাতেই একাধিক অসঙ্গতি মেলে। এরপরই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।





