গাজোলের সভা থেকে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুর সপ্তমে চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার তথা বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বললেন, ‘ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে।’ পাশাপাশি ওয়াকফ নিয়ে সকলকে ‘অভয়’ দিয়ে তাঁর আরও সংযোজন, ‘আমি থাকতে এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেবো না।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওয়াকফ সম্পত্তি আইন আমরা না, কেন্দ্রীয় সরকার করেছে। বিজেপি করেছে। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়ে বারণ করেছি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে। সেই মামলা চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি এইসব জায়গায় হাত দিতে দেব না। কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন।’
এরই সঙ্গে সকলে আশ্বস্ত করে তাঁর বক্তব্য, ‘আমি মানুষের পাহাড়াদার। ভয় পাবেন না। সকলে নিশ্চিন্তে থাকুন।’
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ বিল পাশ হলেও এখনও আইনে পরিণত হয়নি। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলাশাসক বা সেই পদমর্যদার কোনও আধিকারিক। এদিকে এই আইন পাশ হতেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল আইনের বিরোধিতা করে। মুর্শিদাবাদে তুমুল অশান্তিও হয় এই বিল পাশকে কেন্দ্র করে। এমনকি মামলা হয় সুপ্রিম কোর্টে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টেলে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে।





