ইউরোপীয় ইউনিয়নের কড়া শাস্তির মুখে পড়ল রাশিয়া। কার্যত মস্কোর কোমর ভাঙার ব্যবস্থা হল। এবার রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের ২২ লক্ষ কোটির সম্পত্তি অনির্দিষ্ট কালের জন্য বাজেয়াপ্ত করা হল! ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেন আক্রমণের পরেই মস্কোর কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পত্তি আটক করা হয়েছিল। এরপর ছয় মাস অন্তর ভোটাভুটির ভিত্তিতে ওই ফ্রিজের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল।
চার বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার শাস্তি হিসাবে এবার অনির্দিষ্ট কালের জন্য সম্পত্তি আটকে দিল ইউরোপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। ইউরোপে শান্তি ফেরাতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্যও চাপ দিচ্ছিলেন ইউরোপীয় ইউনিয়নকে। বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের চাপের জেরেই পাকপাকি ভাবে পুতিনের দেশের সম্পত্তি ফ্রিজ করা হল।





