বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই শুরু হয়ে গেল দলবদল। বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ হল উল্লেখযোগ্য নাম। রাজ্যে বামফ্রন্ট সরকারের দাপুটে মন্ত্রী ক্ষিতি গোস্বামী-র ছোট মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। আইনের ছাত্রী থাকা কস্তুরী বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরীকে এদিনে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও রাজ্যস্তরের নেতারা। শমীক ভট্টাচার্য দলীয় দফতরে ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। কস্তুরী গোস্বামীর পাশাপাশি এদিন বিজেপি শিবিরে যোগ দিলেন শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকা, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস।
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের পর হওয়া ২০২১ কলকাতা পুরভোটের মুখে কারা দফতরের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান ক্ষিতি কন্যা বসুন্ধরা। ৯৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন। কলকাতা পুরভোটে ৯৬ ওয়ার্ডে সিপিআইএমের দীপালী গোস্বামীকে ৪ হাজার ৬৩৯ ভোটের ব্যবধানে হারিয়ে কাউন্সিলর হন বসুন্ধরা। এবার কি তাহলে ক্ষিতির ছোট কন্যাও ভোটে দাঁড়াবেন? আগে একটা সময় ঢাকুরিয়া আসন থেকে জিতে মন্ত্রী হতেন ক্ষিতি গোস্বামী। ২০০৬ বিধানসভা নির্বাচনে ঢাকুরিয়া আসনে তৃণমূলের সৌগত রায়কে হারিয়েছিলেন আরএসপি–র ক্ষিতি। তবে ২০০১ বিধানসভা ভোটে সৌগত রায়ের কাছে হেরেছিলেন ঢাকুরিয়ার তিনবারের বিধায়ক। জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ক্ষিতি গোস্বামী আরএসপি রাজ্য কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ৭৬ বছর বয়েসে প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। পেশায় মনস্তত্ত্ববিদ, মাঠে-ঘাটে রাজনীতির চেনা মুখ না হলেও সম্প্রতি দলীয় মুখপত্রে ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধ লিখে শিরোনামে এসেছিলেন বসুন্ধরা।
সিপিএমের কড়া সমালোচনা করে তিনি লিখেছিলেন, বামফ্রন্টকে শূন্যে নামানোর খেলায় সিপিএম নিজেই সিদ্ধহস্ত। কথায় ছিল কাঁটা, ভঙ্গিতে ছিল বিদ্রুপ। ছোট বোন কস্তুরীর পথ আলাদা। তিনি বিজেপিতে। এদিন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে বিজেপিতে চলে বিশিষ্টদের যোগদান পর্ব। ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। তিনি আইনের ছাত্রী ছিলেন। অর্থাৎ, বিজেপির বিরুদ্ধে হাঁক ডাক দিচ্ছেন কাউন্সিলর দিদি। আর পদ্মশিবিরে নতুন আশ্রয় নিয়েছেন বোন।





