বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। একটি প্রচার গাড়ি আগামী ১২ দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষকে সচেতন করবে। এই কর্মসূচি আয়োজন করেছে চ্যাপলিন ক্লাব, এবং তত্ত্বাবধানে রয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পশ্চিম মেদিনীপুর (ডিএলএসএ), পশ্চিম মেদিনীপুর।
মেদিনীপুর আদালত চত্বর থেকে এই প্রচারাভিযানের সূচনা হয়। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর আদালতের জেলা জজ সেলিম সাহি এবং ডিএলএসএ-র সচিব সহিদ পারভেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার এসোসিয়েশন মেদিনীপুর-এর সেক্রেটারি অনুপ মিশ্র।
এছাড়াও মেদিনীপুর লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের আইনজীবী জ্যোতির্ময় ঘোষ, অঙ্কুর কর্মকার, অরূপ কুমার রায়, শুভম পাণ্ডে সহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। ডিএলএসএ অফিসের অফিস মাস্টার কবেরী বসু, অ্যাকাউন্ট্যান্ট সৌরিন নাগ এবং অন্যান্য কর্মী ও অধিকার মিত্ররাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রচার গাড়ির মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বাল্যবিবাহের কুফল, আইনি দিক এবং মেয়েদের শিক্ষা ও অধিকার নিয়ে প্রচার চালানো হবে। আয়োজকদের মতে, সমাজের সব স্তরের মানুষকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সচেতনতা বাড়লেই বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা রোধ করা সম্ভব—এই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।





