ফের বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশি জঙ্গি সংগঠন মদতপুষ্ট মোট আট সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েক জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তদন্তকারীদের দাবি, ধৃতেরা দেশের বিভিন্ন জনবহুল ও ঐতিহাসিক স্থানে নাশকতার পরিকল্পনা করছিল।
তাদের আপাতত দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। তামিলনাড়ুর তিরুপুরের একটি পোশাক কারখানা থেকে ছয় সন্দেহভাজনকে ধরা হয়। ধৃতেরা হলেন মিনাজ়ুর রহমান, মহম্মদ শবত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বল। সেখানে তাঁরা পরিচয় লুকিয়ে কাজ করতেন। পশ্চিমবঙ্গ থেকেও ধরা পড়েছে আরও দুই সন্দেহভাজন। ধৃতদের কাছ থেকে ১৬টি সিম কার্ড, ৮টি ফোন এবং একাধিক ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় জঙ্গি কার্যকলাপের সমর্থনে পোস্ট দেখে তদন্ত শুরু করে পুলিশের স্পেশ্যাল সেল। সম্প্রতি দিল্লির মেট্রো সংলগ্ন এলাকা-সহ ১০টি জায়গায় ‘আজাদ কাশ্মীর’ স্লোগান লেখা উস্কানিমূলক পোস্টার নজরে আসে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, লশকর-এ-ত্যায়বা লালকেল্লা ও দেশের বড় শহরগুলিতে হামলার পরিকল্পনা করছে। এই চক্রের সাথে বিদেশি হ্যান্ডলারদের সরাসরি যোগ রয়েছে। ধৃতদের জেরা করে এই নেটওয়ার্কের শিকড়ে পৌঁছাতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীজুড়ে।





