আমেরিকার মাটিতেই বেজে উঠল যুদ্ধের বিরুদ্ধে গর্জন। মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার আবহে নিউ ইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দিলেন ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি।
শনিবার রাতে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে জোহরান সাফ জানান, ইরানে এই হামলা সম্পূর্ণ অবৈধ। একের পর এক শহরে বোমাবর্ষণ আর মৃত্যুমিছিল সাধারণ মার্কিনীরা কোনও দিনই চায়নি। আমেরিকার সাধারণ মানুষ যে আসলে শান্তির পক্ষে, সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। পশ্চিম এশিয়া যখন যুদ্ধের আগুনে পুড়ছে, তখন নিজের শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুরক্ষা বজায় রাখতে তৎপর মামদানি। নিউ ইয়র্কে বসবাসকারী ইরানি নাগরিকদের উদ্দেশে তাঁর অভয়বাণী, ‘আপনারা সুরক্ষিত’। দুই দেশের সংঘাতের আঁচ যাতে শহরের প্রবাসীদের গায়ে না লাগে, তার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
পরিস্থিতির মোকাবিলায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে লাগাতার বৈঠক করছেন মেয়র। শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে কড়া নজরদারি। যুদ্ধবাজ প্রশাসনের বিপরীতে দাঁড়িয়ে মামদানি আদতে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তাঁর মতে, নিউ ইয়র্ক বরাবরই নিরাপদ আশ্রয়। এই উত্তপ্ত পরিস্থিতিতেও কেউ যাতে আতঙ্কিত না হন, তা নিশ্চিত করতে প্রশাসনকে চব্বিশ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশের মাটিতে যুদ্ধের ডামাডোল চললেও নিউ ইয়র্কের অন্দরে যে শান্তির আবহ বজায় থাকবে, সেই বার্তাই এখন শিরোনামে। ছবি সোশ্যাল মিডিয়া।





