ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের মৃত্যু এবং মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে কার্যত থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। যুদ্ধের এই ভয়াবহ আবহে পবিত্র মদিনা শহরে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা প্রিয়দর্শিনী ও নাতনি। শুধু তাঁরাই নন, দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন টলিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তাঁর পুত্র ইউভান, অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও। শনিবার রাতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের।
রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদমাধ্যম সেই খবরে সিলমোহর দিয়ে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন’। মোসাদ ও সিআইএ-র নিখুঁত ছকে খামেনেইয়ের কার্যালয়ের সিসিটিভি হ্যাক করে ও সরকারি অন্দরমহলের তথ্যের ভিত্তিতে এই মারণ হামলা চালানো হয় বলে খবর। এর পরেই দুবাই-সহ আরব দুনিয়ার আকাশে শুরু হয় ক্ষেপণাস্ত্রের লড়াই। এই ডামাডোলের মধ্যেই ফেসবুক লাইভে মুখ খুলেছেন প্রিয়দর্শিনী হাকিম। প্রথমবার রমজানের সময় মদিনা গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়বেন, তা ভাবেননি তিনি।
তবে আতঙ্ক থাকলেও প্রিয়দর্শিনী জানিয়েছেন, ‘মদিনায় তাঁর অভিজ্ঞতায় অত্যন্ত ভালো। নানা ভাষাভাষির মানুষের ভিড়। কেউ কারোর ভাষা না বুঝলেও সাহায্য করতে এগিয়ে আসেন। সকলেই ভীষণ পরোপকারী।’ যদিও যুদ্ধের খবরে তিনি মর্মাহত। প্রিয়দর্শিনীর কথায়, ‘যে বা যারা রমজানের পবিত্র সময়ে ইসলাম দেশের উপর আঘাত হানছে, ভগবান তাদের সুবুদ্ধি দিক।’ আপাতত ভিন দেশে আটকে থাকলেও মেয়রের পরিবার নিরাপদেই রয়েছে। অন্যদিকে, দুবাইয়ে আটকে পড়া শুভশ্রী ও সিন্ধুদের নিয়েও উৎকণ্ঠা বাড়ছে অনুরাগীদের মনে। বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় কতক্ষণে তাঁরা দেশে ফিরতে পারবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বিদেশ মন্ত্রক।





